যশোর শহরে তিন মাসে শতাধিক ছিনতাই, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ অক্টোবর দুপুরে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ায় রাশেদের চায়ের দোকানের পাশে এক নারী ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নেমে দাঁড়ান। দুজন ছিনতাইকারী তাঁকে অনুসরণ করে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে করে দ্রুত পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর গলায় থাকা সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে যায়।চায়ের দোকানে বসে থাকা বিদ্যুৎ বসু ও আমিনুর রহমান আরেকটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে খোলাডাঙ্গা এলাকায় তাদের ধরে ফেলেন। কিন্তু ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় বিদ্যুৎকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে এবং আমিনুরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিদ্যুৎ। এখনো সুস্থ হননি আমিনুর।২ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে বাঘারপাড়া উপজেলার বলদিয়া গ্রামে যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী হাদি-উজ-জামান নামের এক ইজিবাইকচালককে এলোপাতাড়ি কুপিয়ে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় গ্রামবাসী হাদি-উজ-জামানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাদি-উজ-জামানের বাড়ি মনিরামপুর উপজেলার আটঘোরা গ্রামে। এর আগের দিন শহরের পুরাতন কসবা এলাকার শহিদুল ইসলামের কাছ থেকে ঘোষপাড়া এলাকায় তিনজন ছিনতাইকারী দুই হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা আনারুল (৩০) নামের এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেন। ৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে শহরের পৌর পার্ক এলাকায় রিকশার গতি রোধ করে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এক নারীর টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়।যশোর শহরে নম্বরবিহীন মোটরসাইকেলে করে ছিনতাইয়ের ঘটনা এখন প্রায়ই ঘটছে। গত তিন মাসে এ রকম শতাধিক ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এসব ঘটনায় ২০টি মামলা হয়েছে। পুলিশ ২৫ জনকে গ্রেপ্তারও করেছে। মামলাগুলো দ্রুত বিচার আইনে রেকর্ড করা হয়েছে।সম্প্রতি পুলিশ সুপার কামরুল আহসান তাঁর সভাকক্ষে মতবিনিময়কালে বলেন, যশোর শহরের এখন সবচেয়ে বড় সমস্যা ছিনতাই ও মাদক। এই দুটি সমস্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ছিনতাইয়ের কাজে উঠতি বয়সী যুবকেরা নম্বরবিহীন মোটরসাইকেল ব্যবহার করছে। এসব অবৈধ মোটরসাইকেল আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এসব মোটরসাইকেল আটক করতে পারলে শতকরা ২৫-৩০ ভাগ ছিনতাই কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) এস এম শফিউল্লাহ বলেন, গত এক সপ্তাহে অন্তত ৭০টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানের কারণে নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে এখন রাতে ছিনতাই করা হচ্ছে। এ জন্য এখন রাতেও অভিযান চালানো হচ্ছে।গত মাসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের উপস্থিতিতে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শহরে ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, ছিনতাইকারীরা অত্যাধুনিক মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পুলিশের গাড়ি তাদের ধাওয়া করেও ধরতে পারে না। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে পারলে ৭০ শতাংশ অপরাধ কমে যাবে। আর এর জন্য প্রশাসনের পাশাপাশি জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।