যশোর শহরে বাড়ির দখলকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ
যশোর শহরের বেজপাড়া গোলগোল্লা মোড়ের একটি বাড়ির দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বাড়ির আসবাব ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির দলিল বন্ধক রেখে ২০০৬ সালে মালিক মহিউদ্দীন একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন যশোর শহরের আরএস টাওয়ারের মালিক এম এইচ সামাদ। নির্দিষ্ট সময়ে ঋণের টাকা পরিশোধ না করায় বাড়িটি নিলামে উঠলে এম এইচ সামাদ বাড়িটি কিনে নেন। কিন্তু দখল বুঝে না পাওয়ায় তিনি স্থানীয় পাপ্পুর কাছে বাড়িটি বিক্রি করে দেন। গতকাল পাপ্পুর ভাই আশরাফ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বাড়িটির দখল নিতে যান।এ ব্যাপারে মহিউদ্দীন বলেন, ‘১২-১৩ বছর ধরে বাড়িটিতে আমি বসবাস করে আসছি। সামাদ মিয়া কৌশলে বাড়িটি লিখিয়ে নিলে আমি যশোরের সহকারী জজ আদালতে মামলা করি। মামলাটি বিচারাধীন। আগামী ১৫ নভেম্বর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। অথচ তাঁরা সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা করে ঘরের সব আসবাব বাইরে ফেলে দেন।’মহিউদ্দীনের স্ত্রী আশুরা আহমেদ বলেন, আশরাফের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ি দখল নিতে আসে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে বেদম মারধর করে। তারা ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা ঘরের একটি টেলিফোন সেটসহ কিছু জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।এ ব্যাপারে মো. আশরাফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছোট ভাই পাপ্পুর নামে বাড়িটি কেনা হয়েছে। দোকানের কর্মচারী এবং ছোট ভাই-বেরাদার নিয়ে বাড়ির দখল নিতে গিয়েছিলাম। আমি তাঁদের (মহিউদ্দীন ও পরিবার) বলেছি, আপনাদের বৈধ কোনো কাগজপত্র থাকলে দেখান, না হলে ঘরের আসবাব বের করে দিচ্ছি, আপনারা নিয়ে যান। পরে আসবাব বের করার সময় একটি ছেলে ঘরের মধ্যে থেকে বোমা ছুড়ে মারে।’