
যশোর শহরে মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ভৈরব নদে ফেলা হচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় কারাগারের নর্দমার ময়লাও সরাসরি নদে পড়ছে। এমনিতেই নদে পানি আছে বড়জোর হাঁটুসমান। দূষণে সেই পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
ভৈরব নদ প্রবাহিত হয়েছে শহরের বুক চিরে। শহরের ভেতর অন্তত পাঁচ নদের তীরে সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ঘরবাড়ি রয়েছে। নদে এখন হাঁটুপানি, আগের মতো স্রোত নেই। স্থানে স্থানে জন্মেছে কচুরিপানা।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কাঠেরপুল, দড়াটানা ও নীলগঞ্জ সেতুর পাশে গিয়ে দেখা গেছে, নদের পানিতে ভাসছে পলিথিন, ডিমের খোসা, মুরগির পচা নাড়িভুঁড়িসহ হরেক রকমের ময়লা-আবর্জনা। কাঠেরপুল এলাকার সেতুর পাশে মুরগির মাংস বিক্রির দোকান বক্কার পোলট্রি হাউসের ময়লা পানি ও আবর্জনা বালতিতে ভরে নদে ফেলা হচ্ছিল। দোকানের অংশীদার এস এম টুটুল সেতুর ওপরে দাঁড়িয়ে এ ময়লা ফেলেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাজারের সবাই তো ময়লা ফেলছে। আমি ফেললে দোষ কী, যদি কেউ না ফেলে তাহলে আমিও আর ফেলব না।’
সেতুর দুই পাশে মুরগি ও গরুর মাংস বিক্রির অন্তত ২০টি দোকান আছে। এসব দোকান থেকে মুরগি ও গরুর রক্ত, উচ্ছিষ্ট নাড়িভুঁড়ি, হাড়—সবই সেতুর ওপর দাঁড়িয়ে নদে ফেলা হয়। এ ছাড়া যশোর কেন্দ্রীয় কারাগারের নর্দমার মুখ নদের ভেতরে নামিয়ে দেওয়া হয়েছে। এ নর্দমা দিয়ে কাপড় ধোয়ার পানি, পচা ভাত, ডিমের খোসাসহ নানা ধরনের ময়লা এসে নদের পানিতে পড়ছে। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে।
ময়লা–আবর্জনা ফেলা বন্ধ করার জন্য স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।
নদের পাশের বাসিন্দা বীথি আকতার বলেন, ‘রোদের তেজ বাড়লেই দুর্গন্ধ বাড়ে, নোংরা পরিবেশের কারণে মশা-মাছির উপদ্রব বাড়ছে। ময়লা ফেলতে নিষেধ করলে ওরা বলে, এখানে থাকো কেন, চলে যাও।’
জানতে চাইলে যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আবু তালেব বলেন, ‘পুরো নদ তো এখন শহরের নর্দমা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভৈরব নদ খনন করে পরিষ্কার পানির প্রবাহ সৃষ্টি হলে আমরা নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা করব।’
নদের পাশের তৈজসপত্রের দোকানদার আবদুল খালেক বলেন, ‘ভৈরবের দূষণ ঠেকাতে পরিবেশ অধিদপ্তরে দুবার ও পৌরসভার মেয়র-কাউন্সিলরকে একাধিকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পচা দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে।’
পরিবেশ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘সামনের সপ্তাহে সরেজমিনে অভিযান চালানো হবে। তা ছাড়া, শুধু পরিবেশ অধিদপ্তরের পক্ষে দূষণ ঠোকানো সম্ভব নয়। পৌর কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে হবে। বাজারের ময়লা–আবর্জনা মানুষ কোথায় ফেলবে, তা পৌর কর্তৃপক্ষকে নির্দিষ্ট করে দিতে হবে।’
পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘শিগগিরই আমরা নদের তীরে ময়লা ফেলার জন্য কয়েকটি কনটেইনার দেব।’