যশোর শহরে হরহামেশা ঘটছে বোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে হরহামেশা ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনা। অভিযোগ উঠেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এসব বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিতে জনমনে উদ্বেগ বিরাজ করছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।গত মার্চ থেকে শুক্রবার পর্যন্ত শহরের বেজপাড়া, মিশনপাড়া, রেলওয়ে জংশন, খড়কি, খোলাডাঙ্গা, পুরাতন কসবা, রায়পাড়া, ঝুমঝুমপুর, নীলগঞ্জ, শেখহাটি জামরুলতলা, ভেকুটিয়া, বাহাদুরপুরসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। মামলা হয়েছে কমপক্ষে ২০টি। ঘটনায় জড়িত উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ২০টি বোমা ও বোমা তৈরির কয়েক কেজি উপাদান উদ্ধার করেছে।গত ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনে ব্যাপক বোমাবাজি ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর পর থেকে এই বোমাবাজি চলতেই থাকে। ১৯ এপ্রিল শহরের লালদীঘির পাড়ে বোমা হামলায় নিহত হন কামরুজ্জামান ওরফে বাঁশি রিপন। তিনি জেলার তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া বোমা বানাতে গিয়ে মাস তিনেক আগে খড়কি এলাকার জুম্মান নামে এক ব্যক্তি বিস্ফোরণে মারা যান। সেখানে রিপন নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।১৯ মে পুরাতন শহরের কসবা এলাকায় পরিত্যক্ত বোমার বিস্ফোরণে লিচুবাগান এলাকার কাওছার আলীর স্কুলপড়ুয়া শিশুকন্যা ইতিমণি (৮) আহত হয়। ২০ মে শহরের পুরাতন কসবা এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউল শাহিন আহত হন। ১ জুন মিশনপাড়া এলাকায় একটি বোমার বিস্ফোরণে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক আহত হন।গত ২৬ জুলাই রাত ১০টার দিকে যশোর শহরের ধর্মতলা থেকে শহরতলির খোলাডাঙ্গা গ্রামের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের ছোড়া বোমায় গুরুতর আহত হন ব্যবসায়ী শরীফ জামিল মো. আসাদ (৪২) ও তাঁর সঙ্গী গিয়াস উদ্দীন (৪০)। সম্প্রতি বেজপাড়ার গোলগোল্লা মোড়ের একটি বাড়ির দখল নিতে গিয়ে সন্ত্রাসীরা আট থেকে ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ১০ আগস্ট সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার মনিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। ১২ আগস্ট রাতে ধর্মতলা ও খোলাডাঙ্গায় বোমা হামালার ঘটনা ঘটে। ২০ আগস্ট রাতে খড়কির কবরস্থান এলাকায় ডিকো ও ভুট্টো বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই সব এলাকায় বোমা তৈরির ২০ থেকে ২৫ জন দক্ষ কারিগর আছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারা এসব বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, কারা মদদ জোগাচ্ছে—এর সবই পুলিশের নখদর্পণে। কিন্তু রাজনৈতিক নেতাদের চাপের কারণে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যাচ্ছে না।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) কোম্পানি কমান্ডার তারিক আজিজ গত শুক্রবার প্রথম আলোকে জানান, যশোরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা বোমা বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলো শক্তিশালী। বেনাপোলের কুটখালী, ভুলট ও রঘুনাথ সীমান্ত দিয়ে চোরাই পথে বোমা তৈরির উপাদান এই শহরে ঢুকে পড়ছে। এসব উপাদানের মধ্যে রয়েছে সালফার ও বারুদ। পুলিশ সুপার দিদার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যশোর বোমা বিস্ফোরণের শহর। এখানকার মানুষ বোমা ফাটিয়ে মজা পায়। এসব প্রতিরোধে পদক্ষেপ নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছি।’ কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, বোমাবাজদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।