যশোর শহরে ৭২টি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরা। যশোর পৌরসভার সামনে মুন্সী মেহেরুল্লাহ সড়ক থেকে ছবিটি ১৩ জুলাই তোলা l প্রথম আলো
যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরা। যশোর পৌরসভার সামনে মুন্সী মেহেরুল্লাহ সড়ক থেকে ছবিটি ১৩ জুলাই তোলা l প্রথম আলো

যশোর পৌর শহরের ৭২টি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার কারণে এগুলো ভয়াবহ রূপ নিয়েছে। চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শহরবাসীকে।

শহর ঘুরে দেখা গেছে, পৌর ভবনের সামনের সড়কটি আধা কিলোমিটারের মতো। এই সড়কের গোটা অংশেই বড় বড় গর্ত। পৌর ভবনের উল্টো দিকে যশোর সরকারি বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে নাকাল অবস্থায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

এ ব্যাপারে বেজপাড়া এলাকার বাসিন্দা এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমার দুই মেয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে পড়ে। প্রতিদিন অন্তত চারবার আমাকে ওই বিদ্যালয়ে মেয়েদের আনা-নেওয়ার জন্য যেতে হয়। ওই রাস্তাটা এতটাই খারাপ যে রিকশা যেতে চায় না। মোটরসাইকেলে গেলে যেন কোমর ভেঙে যায়। পৌরসভা ভবনের সামনের ওই চিত্রই বলে দেয় গোটা শহরের চেহারা কেমন?’

শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের অন্তত এক কিলোমিটার খানাখন্দে ভরা। এই সড়কে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও মাহমুদুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ জন্য সড়কটি অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ। সড়কের জেনারেল হাসপাতালের সামনেই বড় বড় গর্ত। বর্ষা হলে পানি জমে।

এই সড়কের একজন বাসিন্দা জেসমিন আকবর বলেন, রাস্তা খারাপের কারণে এই এলাকায় রিকশা আসতে চায় না। প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে।

২ জুলাই যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার এই সড়কটির পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন। কিন্তু ১৮ দিনেও কাজ শুরু হয়নি। যে কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শহরের বেহাল সড়কের ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, শহরের বেশি খারাপ ৭২টি রাস্তা পুনর্নির্মাণ ও পয়োনিষ্কাশন নালাসহ ফুটপাত নির্মাণকাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। ছয়টি সড়কের কাজের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি রাস্তার কাজ শুরু হয়েছে। বর্ষার কারণে কাজ করা যাচ্ছে না। এ জন্য আরও এক থেকে দেড় মাস শহরবাসীকে একটু কষ্ট করতে হবে।

যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৪৯ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৩৩২ টাকা ব্যয়ে শহরের ৭২টি সড়কের পুনর্নির্মাণ ও পয়োনিষ্কাশন নালা নির্মাণকাজের জন্য তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে এসব কাজের মেয়াদ শেষ হবে। পৌর এলাকায় ২৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা ও আধা পাকা রয়েছে ২২০ কিলোমিটার ও কাঁচা সড়ক রয়েছে ৩০ কিলোমিটার। এসব সড়কের ৭০ শতাংশই বেহাল।

সরেজমিনে দেখা গেছে, শহরের এম এম আলী রোডের পোস্ট অফিস, সমবায় ব্যাংক মার্কেট মোড় হয়ে চিত্রামোড় পর্যন্ত সড়কের বেশির ভাগ স্থান খানাখন্দে পরিণত হয়েছে। একই অবস্থা শহরের গুরুদাশ বাবু লেন ও কেশব লাল সড়কে। রেলরোডের অবস্থাও নাজুক। এ ছাড়া পশ্চিম বারান্দীপাড়া প্রধান সড়ক, যশোর-ঢাকা রোড, বারান্দীপাড়া লিচুতলা, পূর্ব বারান্দীপাড়া কবরস্থান, পশ্চিম বারান্দীপাড়া খালধার, নিউ রামকৃষ্ণ মিশন, পিটিআই, নীলরতন ধর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সার্কিট হাউসপাড়া, ঘোপ সেন্ট্রাল, পালবাড়ি, খড়কির হজরত বোরহান শাহ সড়ক, যশোর-নড়াইল রোডের তাঁতিপাড়া, চাঁচড়ার রাজা বরদাকান্ত, চাঁচড়া ডালমিল, ঘোপ পিলু খান, জেলখানা, পালবাড়ি ঘোষপাড়া, কাঁঠালতলা, মুক্তিযোদ্ধা মোড়, পূর্ব বারান্দীপাড়া সাহাপাড়া, টিবি ক্লিনিক, বেজপাড়া পিয়ারি মোহন, সিভিল কোর্ট মোড় বাঁশপট্টি, কারবালা ওয়াপদা গ্যারেজ, স্টেডিয়ামপাড়া রোড, খড়কি কবরস্থান, কারবালা বামনপাড়া, কারবালা খ্রিষ্টানপাড়া মোড়, খড়কি মাওলানা আবদুল করিম রোড, এম এম কলেজ-ধোপাপাড়া, শহীদ মসিউর রহমান ও তালতলা সড়ক খানাখন্দে বেহাল। গুরুত্বপূর্ণ এসব সড়কে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর নাগরিক অধিকার আন্দোলনের সদস্য ইকবাল কবির বলেন, ‘পৌর এলাকার সড়কগুলোর বেহাল অবস্থা। পৌরবাসী চলাচল করতে গিয়ে নাকাল অবস্থায় পড়ছে। রাস্তাগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

এ ব্যাপারে পৌর মেয়র জহিরুল ইসলাম বলেন, ‘এক বছরের মধ্যে শহরের ৫০ শতাংশ রাস্তা পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে। অবশিষ্ট সড়কগুলোর জন্য আরও ৩০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে আরেকটি প্রকল্প প্রস্তাব পাঠানো হচ্ছে। আশা করছি, ২০১৮ সালের মধ্যে শতভাগ সড়ক চলাচলের উপযোগী করতে পারব।’