যশোর শহরের বর্জ্য ও মলে ভরে উঠছে ভৈরব নদ
যশোর শহরের বুক চিরে ভৈরব নদ প্রবাহিত। শৌচাগারের মলমূত্র ও হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য নালা দিয়ে এই নদে ফেলায় এর পানি দূষিত হচ্ছে। স্রোত না থাকায় নদটি বদ্ধ নর্দমায় পরিণত হয়েছে। পচা পানির দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।যশোর শহরের বুক চিরে ভৈরব নদ প্রবাহিত। শহরের পানি নদে নিষ্কাশনের জন্য পৌরসভা এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ নির্মিত নালাগুলোর সঙ্গে শহরের বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানের শৌচাগারের সংযোগ। নালাগুলো দিয়ে নানা ধরনের বর্জ্য নদে গিয়ে পড়ছে। যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম বলেন, স্যানিটেশন আইন অমান্য করে শৌচাগারের মলমূত্র যারা পৌরসভার নালায় ফেলে পরিবেশ দূষিত করছে, সপ্তাহ খানেকের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।গত শুক্রবার শহরের কাঠের পুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, প্রায় ছয় ফুট প্রস্তের একটি নালা দিয়ে শৌচাগারের মল, হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য ও কুকুর-বিড়ালের পচা মরদেহ গিয়ে নদে পড়ছে। নদের কিছু এলাকা বাঁশ দিয়ে ঘিরে গরু-ছাগলের হাড় পচানো হচ্ছে। (পরে এসব হাড় বিক্রি করা হয়)। নদের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদে তেমন স্রোত নেই। হাঁটু পানিতে নেমে শাক তুলছেন ছিন্নমূল মানুষেরা।শাক তুলতে আসা শহরের মাগুরপট্টি এলাকার হামিদা বেগম বলেন, ‘গরিব মানুষ। কী আর করব। গাঙের কলমি ও তিতে শাক তুলে বাজারে বেচে কিছু পয়সা পাই। নদের পানি গায় লাগলি চুলকোয়। দুর্গন্ধের কারণে নাকে কাপড় দিয়ে শাক তুলতি অয়।’কাঠের পুলের পাশের অসীম কুন্ডুর বাড়ির শৌচাগারের মলমূত্র নালা দিয়ে গিয়ে পড়ছে নদে। জানতে চাইলে অসীম কুন্ডু বলেন, ‘সবাই তো ওই করছে। আমি করলে আর দোষ কি।’যশোর পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক (কনজারভেসি ইন্সপেক্টর) হারুন-অর রশীদ বলেন, শৌচাগারের সংযোগ পৌরসভার নালার সঙ্গে না দিতে অনেককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। কিন্তু কেউ শোনেনি। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের পয়োনিষ্কাশনের জন্য নির্মিত শতাধিক নালা ১৫টি স্থান দিয়ে নদে মিশেছে। ঢাকা-খুলনা মহাসড়কের বারান্দি মোল্যাপাড়া সেতু, কেন্দ্রীয় কারাগার, যশোর জেনারেল হাসপাতাল, বেজপাড়ার যক্ষ্মা ক্লিনিক, নীলগঞ্জ, ঘোপ নওয়াপাড়া সড়ক, পালবাড়ি, পুরাতন কসবা কাজীপাড়া, খালধার সড়কসহ বিভিন্ন এলাকা দিয়ে নালাগুলো নদে মিশেছে। সেপটিক ট্যাংক পরিষ্কারের ঝামেলা এড়াতে শহরের অধিকাংশ ভবনের মালিকেরা পৌরসভার নালার সঙ্গে শৌচাগারের পাইপের সংযোগ দিয়েছে। অনেক ভবনে সেপটিক ট্যাংক করার জায়গাও নেই। মেয়র মারুফুল ইসলাম বলেন, যশোরের পরিবেশ ভৈরব নদের সঙ্গে সম্পৃক্ত। নদটি পরিচ্ছন্ন রাখতে পারলে শহরের পরিবেশ সুন্দর থাকবে। নদটি খনন করে তীরে জনগণের হাঁটার সড়ক ও বসার জন্য বেঞ্চ নির্মাণ করে শহরকে মনোরম করে তুলতে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।