যশোর শহরের বেশির ভাগ সড়ক গর্তে ভরা
‘এ রাস্তায় আমরা ভাড়া খাটি নে। ভ্যানের চাকার যে টায়ার-টিউব এক বছর যাওয়ার কথা, এ রাস্তায় চালালি তা ছয় মাসও যায় না। তা ছাড়া ভাঙাচোরার কারণে ভ্যান চালাতি কষ্টও হয় প্রচুর।’ যশোর শহরের চৌরাস্তা-বাস টার্মিনাল সড়কের দুরবস্থার বিষয়ে এভাবে কথাগুলো বললেন ভ্যানচালক আজিজার রহমান। যশোরের শহরের চৌরাস্তা মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য দুই কিলোমিটার (ইসহাক সড়ক)। একই সঙ্গে চৌরাস্তা মোড় থেকে যশোর রেলওয়ে জংশনে যাওয়ার সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। এই দুই সড়কের সাড়ে তিন কিলোমিটারে অন্তত ৫০টি ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। যানবাহনের চালকেরা বর্ষার সময় গর্তগুলো দেখতে পান না। এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এই দুই সড়কের মতো যশোর শহরের অধিকাংশ সড়কের অবস্থাও করুণ।জানা গেছে, চৌরাস্তা-বাস টার্মিনাল ও চৌরাস্তা-রেলওয়ে জংশন সড়কের পাশে সরকারি বক্ষব্যাধি ক্লিনিক, জনকল্যাণ হাসপাতাল, আদ্-দ্বীন হাসপাতাল (মা ও শিশু বিভাগ), সোনালী ব্যাংক করপোরেট শাখা, সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়, রামকৃষ্ণ আশ্রম, দাখিল মাদ্রাসাসহ সরকারি ও বেসরকারি অন্তত অর্ধশত প্রতিষ্ঠানের স্থাপনা রয়েছে। গত বছর ১০ লাখ টাকা ব্যয়ে চৌরাস্তা-বাস টার্মিনাল সড়কটি সংস্কার করা হলেও তিন মাস যেতে না যেতেই আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে যাত্রী ও মালবাহী রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। চৌরাস্তা-বাস টার্মিনাল ও চৌরাস্তা-রেল জংশন সড়কের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জেল, এম এম (মাওলানা মোহাম্মদ) আলী, বসন্ত কুমার, কেশবলাল, শহীদ, বাঁশপট্টি সড়কসহ বিভিন্ন সড়কের অবস্থা খারাপ। যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, ছোট-বড় মিলে যশোর পৌরসভার আওতায় ১২৫ কিলোমিটারে অন্তত ৫০টি সড়ক রয়েছে। এর মধ্যে ২৫ কিলোমিটার বাদে সবই পাকা। কিন্তু এগুলোর বেশির ভাগই যানবাহন চলাচলের অনুপযোগী। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজির আহমেদ বলেন, চৌরাস্তা-বাস টার্মিনাল সড়কটি সবচেয়ে পুরোনো সড়ক। এ কারণে এই সড়কের বেজমেন্ট (ভিত) দুর্বল হয়ে গেছে। তাই এটি পুনর্নির্মাণ করা দরকার। এটি পুনর্নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শহরের ভেতরের ছোটখাটো ১০টি সড়ক ইতিমধ্যে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসেই দরপত্র আহ্বান করা হবে।