যশোর শহরের ১৩৭টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
যশোর শহরের ১৩৭টি পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পৌরসভা কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ওই সব ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। ইতিমধ্যে অর্ধশত মালিককে ভবন ভাঙার চিঠি দেওয়া হয়েছে।যশোর পৌরসভা জানায়, গত ১৯ জুলাই পর্যন্ত পৌরসভার ঝুঁকিপূর্ণ ১৩৭টি ভবনের তালিকা করা হয়। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ভবন ৬৮টি, আবাসিক ভবন ৬১টি, সরকারি ভবন ছয়টি ও দুটি মন্দির রয়েছে। ভবনগুলো ৪০ থেকে ১৫০ বছরের পুরোনো হয়ে বসবাসের অনুপযোগী হওয়ায় সেগুলো তালিকাভুক্ত করে পৌরসভা। পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ৬০টি ভবন ঝুঁকিপূর্ণ। ১ নম্বর ওয়ার্ডে ২০টি, ৩ নম্বরে ১১টি, ৪ নম্বরে একটি, ৫ নম্বর ওয়ার্ডে চারটি, ৬ নম্বরে ২০টি, ৭ নম্বরে ১১টি এবং ৮ ও ৯ নম্বরে পাঁচটি করে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।সম্প্রতি ২ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার হাজী মুহম্মদ মুহসীন ও নেতাজি সুভাষ চন্দ্র সড়কে গিয়ে দেখা গেছে, এ সড়কের অধিকাংশ ভবন জরাজীর্ণ। এর মধ্যে কয়েকটি ভবনের দেয়ালে বটগাছসহ আগাছা গজিয়েছে। দেখলেই মনে হয়, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। লোকজন ঝুঁকি নিয়েই ভবনগুলোতে ব্যবসা-বাণিজ্য, বসবাস ও উপাসনা করছেন।ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি নিশ্চিত করে যশোর পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ১৩৭টি ভবনের মধ্যে ৪০ শতাংশ ভবনের মালিক ও কর্তৃপক্ষকে ঈদের আগে থেকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। চিঠি পেয়ে ইতিমধ্যে অন্তত ১০টি ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। শরিকের জটিলতা দেখিয়ে কোনো কোনো ভবনের মালিক সময় নিয়েছেন।সুলতানা সাজিয়া জানান, ঢাকার সাভারে রানা প্লাজার ট্র্যাজেডির পর থেকে পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের কাজ চলছে। মালিকেরা স্বেচ্ছায় ভবন না ভাঙলে পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।ঝুঁকিপূর্ণ সরকারি ভবন: ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সরকারি ভবন হলো শহরের চাঁচড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যশোর কার্যালয়, গরীব শাহ সড়কে আঞ্জুমানারা সেবা সংঘ স্কুল, মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পুরোনো ছাত্রাবাস, নেতাজি সুভাষ চন্দ্র ও রাজা বরদাকান্ত সড়কে বাংলাদেশ স্কাউটসের দুটি ভবন এবং গুরুদাসবাবু লেন সড়কের একটি পরিত্যক্ত ভবন। শেষের ভবনটিতে ডিজিএফআইয়ের কর্মচারীরা বসবাস করেন।এসব ভবনের মধ্যে বিএডিসির ভবনটি শিগগিরই ভেঙে ফেলতে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠিয়েছেন শহর পরিকল্পনাবিদ।সরেজমিনে দেখা গেছে, বিএডিসির ভবনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও সহকারী প্রকৌশলীর দুটি দপ্তরের কার্যক্রম চালানো হয়। ইংরেজি বর্ণ ‘এল’ আকৃতির ওই ভবনের একাংশের দেয়াল ও ছাদের মধ্যে বড় বড় ফাটল। তিন ইঞ্চি কাঠের ওপর লোহার পাইপ বসিয়ে ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে। জানতে চাইলে বিএডিসির (সংরক্ষণ ও কারখানাগার) সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘যশোর-বেনাপোল সড়কের পাশে হওয়ায় ভারী যানবাহনের ঝাঁকুনিতে ভবনে ফাটল দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া ভবনের নিচে একটি জলাধার ছিল। এ জন্য অল্পতেই ভবনে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো নির্দেশনা পাইনি।’