যশোর শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের নিবন্ধন শাখার উচ্চমান সহকারী আবদুল জলিলকে গত বুধবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বিভাগের সেকশন কর্মকর্তা শাহজাহান আলী, নিম্নমান সহকারী রাসেল পান্না ও কর্মচারী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।বোর্ডের চেয়ারম্যান আবুল বাসার মোল্লা বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধনপত্র নিতে আসা শিক্ষকদের জিম্মি করে অনৈতিকভাবে তাঁদের কাছ থেকে এক থেকে ৩০০ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হয়েছে। নিবন্ধন শাখায় কাজে এসে শিক্ষকেরা হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ তুলে কয়েকজন শিক্ষক লিখিত অভিযোগ করেন। প্রাথমিকভাবে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত এবং অন্য তিনজনকে ‘কেন সাময়িকভাবে বহিষ্কার করা হবে না’ এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে।উচ্চমান সহকারী আবদুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা বোর্ডের বিএনপিপন্থী সিবিএর নেতারা তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ এনেছেন। তিনি আরও বলেন, ব্যাংক ড্রাফট করে দেওয়ার জন্য তিনি কয়েকজন শিক্ষকের কাছ থেকে টাকা নেন। এ সময় পরিকল্পিতভাবে ছবি তুলে পত্রিকায় প্রকাশ করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।