ছয় মাসের ব্যবধানে চূড়ান্ত পরীক্ষা। এর মধ্যে পাঠদান হয়েছে কম। এ কারণে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ভালো নেই। তাঁরা পড়েছেন বিপাকে।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয় মার্চের প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে শুরু হয় তৃতীয় বর্ষের পাঠদান। এর মধ্যে ১৩ জুলাই থেকে শুরু হয় নির্বাচনী পরীক্ষা। এরপর থেকে আর কোনো পাঠদান হয়নি। এ ছাড়া গরমের ছুটি, পুরোনো ভবন থেকে নতুন ভবনে বিভাগ স্থানান্তরের সময় ১০ দিনসহ নানা কারণে পাঠদান বন্ধ থাকে। সব মিলিয়ে দেড় মাসের মতো নিয়মিত পাঠদান করা হয়েছে। তাঁরা বড়জোর ৪০টি পাঠে যোগ দিতে পেরেছেন। ৫ সেপ্টেম্বর তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু। ৮০০ নম্বরের এ কোর্সে মূল বইয়ের সংখ্যা ৩৬টি।
তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মেহেদী প্রথম আলোকে বলেন, ‘মাত্র সাত থেকে আটটি বইয়ের ওপর শ্রেণিকক্ষে পাঠদান করা হয়। পাঁচটি নাটকের মধ্যে শুধু শেকস্পিয়ারের ম্যাকবেথ পড়ানো হয়েছে। এ ছাড়া ভিক্টোরিয়ান পোয়েট্রি বিষয়ে পাঁচজন কবির ১৫টি কবিতার মধ্যে পড়ানো হয়েছে মাত্র একটি। আমরা খুবই সমস্যার মধ্যে আছি।’
আরেক ছাত্র তারেক মাহমুদ বলেন, ‘সেশন জট কমাতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের চরম ক্ষতি করছে। কিছুই শিখতে পারছি না।’
কলেজের অন্য বিষয়গুলোর পাঠদানের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম বলে শিক্ষার্থীরা বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এমএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান আজমল হায়দার খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এ বিভাগের একজন শিক্ষক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যায়ের সিদ্ধান্তই আমরা বাস্তবায়ন করি। এত কম সময়ের মধ্যে এত লম্বা পাঠ্যসূচি শেষ করা যায়নি, এটা সত্য।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট (নীতিনির্ধারণী বোর্ড) সদস্য ও এমএম কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক সেশন জট কমানোর জন্য নয় মাসে বছর ধরে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ছুটি থাকে। এত সংক্ষিপ্ত সময়ে কোর্সের পাঠ্যসূচি শেষ করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হচ্ছে, আমরাও বুঝতে পারছি। আগামী সিনেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে।’