যশোর-সাতক্ষীরার বন্যাদুর্গত সাত হাজার পরিবারে ত্রাণ বিতরণ
ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এবং ক্যাফোড ইউকের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর ও যশোরের কেশবপুর উপজেলার ২৩ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের মধ্যে ১২ কেজি চাল, এক কেজি মসুরের ডাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, দুই কেজি সুজি, এক কেজি চিনি, দুইটি লাইফবয় সাবান, ছয়টি মোমবাতি, ছয়টি দেশলাই বক্স, একটি স্ট্রিপ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পাঁচটি স্যালাইন, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বালক ও বালিকাদের জন্য এক সেট করে পোশাক দেওয়া হয়। ৭ সেপ্টেম্বর ২০১১ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অ ন ম তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. মোরশেদ আলী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।গতকাল রোববার যশোরের কেশবপুর এবং সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদরে এই ত্রাণ-কার্যক্রম পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।