যশোর-৫ আসনের ৬৫টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্থগিত হওয়া ৬০টি কেন্দ্রের সঙ্গে আরও পাঁচটি কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনঃ ভোট গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন কেরেছেন স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য্য।
গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। স্বপন ভট্টাচার্য্য ১৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন নিশ্ছিদ্র নিরাপত্তারও দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য অভিযোগ করেন, পাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভোট বন্ধ করে দেন। অথচ এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়নি। এ ছাড়া নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা কলস প্রতীকের এজেন্টদের তাড়িয়ে দিয়ে আটটি কেন্দ্রে জাল ভোট দিয়েছেন। এর মধ্যে চারটি কেন্দ্রে ৯৩ থেকে ৯৬ ভাগ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও তছনছ করার পাশাপাশি ভোটারদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান ও নিতাই বৈরাগি।