যশোরকে সিটি করপোরেশন ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার যশোর আসছেন। তাঁর আগমন উপলক্ষে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যশোরবাসীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভাষণে কী কী প্রতিশ্রুতি থাকছে—এমন আলোচনা এখন সর্বত্র।সম্প্রতি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জনগণের চাহিদা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। যশোরবাসীর উন্নয়নের জন্য জেলা আওয়ামী লীগের প্রস্তাব মাহবুব উল আলম হানিফের কাছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবের প্রধান দাবি হচ্ছে, যশোরকে সিটি করপোরেশন ঘোষণা করা।যশোর-৩ আসনের সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে জানান, সরকারের শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে বেশি কিছু দাবি করার সুযোগ নেই। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পুরোনো জেলা হিসেবে যশোরকে সিটি করপোরেশন ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া যশোরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা ও ভৈরব নদ খননের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে। পূর্ব প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার জন্য নেত্রীকে বলা হবে।প্রধানমন্ত্রী ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন করার সময় উন্নয়নের জন্য ১২টি বিষয়ে প্রতিশ্রুতি দেন। দুই বছরে পাঁচটি প্রতিশ্রুতি কার্যকর হয়েছে। সাতটি প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভৈরব নদ খনন, যশোরে আইটি পার্ক স্থাপন, উৎপাদিত সবজি ও রপ্তানির সুবিধার্থে বিশেষায়িত হিমাগার স্থাপন। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো আছে।আইটি পার্ক স্থাপনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়-সংলগ্ন একটি স্থান নির্বাচন করে আইটি পার্ক স্থাপনের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ভৈরব নদ খনন প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, নদ খননের জন্য সমীক্ষা চলছে। এর জন্য দেড় বছর সময় লাগে। এক বছর পার হয়েছে।যশোর শিল্প ও বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, যশোর-খুলনা সড়কের বসুন্দিয়া চেঙ্গুটিয়ায় একটি কনটেইনার টার্মিনাল স্থাপন করা হলে দেশের অভ্যন্তরে ও ভারতে পণ্য আমদানি-রপ্তানিপ্রক্রিয়া গতিশীল হবে।