যশোরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

যশোরে সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদনহীন ওয়েল্ডিং কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে গতকাল সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় ঘটা এ দুর্ঘটনায় দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন কারখানার মালিক পিকুল ও তাঁর ছোট ভাই রুহুল আমিন। গতকাল রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওয়েল্ডিং কারখানায় রাখা দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যায়। আগুনে পুড়ে আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু প্রথম আলোকে বলেন, যাঁরা ওই কারখানায় ওয়েল্ডিং কাজ করছিলেন, তাঁদের কোনো প্রশিক্ষণ ছিল না। ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, অগ্নিকাণ্ডে কারখানার মালিকসহ দুই ভাই নিহত হয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।