যশোরে অতিরিক্ত তাপমাত্রা রেণু পোনা উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত তাপমাত্রার কারণে যশোর অঞ্চলের হ্যাচারিতে মাছের ডিম নিষিক্তকরণ ও পরস্ফুিটনের হার (হ্যাচিং রেট) ৪০ শতাংশ কমে গেছে। উষ্ণতা বৃদ্ধির কারণে জলাশয়ের পানি মাত্রাতিরিক্ত গরম হয়ে রেণু পোনা মারা যাচ্ছে। গত মে মাসে রেণু উৎপাদন ৭০ শতাংশ কমে গেছে।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যশোর স্বাদু পানি উপকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রেণু পোনার উৎপাদন ব্যাহত হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পাঁচ বছর ধরে শুষ্ক মৌসুমে যশোরের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপর থাকছে। এতে মাছের শুক্রাণু দুর্বল হয়ে পড়ছে এবং ডিম নিষিক্তকরণ ও পরস্ফুিটনের হার ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যশোরে গত ১০ বছরের এপ্রিল মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ এবং মে ও জুন মাসে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে এপ্রিল মাসে তাপমাত্রা বাড়ে, জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করে। তবে পাঁচ বছর ধরে যশোর অঞ্চলে শীত ও গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে ওঠানামা করছে।যশোর জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী প্রথম আলোকে বলেন, যশোর জেলায় ৮২৫ হেক্টর লোনা পানির চিংড়িঘের রয়েছে। মিঠা পানির জোগান কমে যাওয়ায় নতুন নতুন এলাকায় লোনা পানি ঢুকে পড়ছে। এতে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। নদী খননের মাধ্যমে স্বাদু পানির জোগান বাড়াতে না পারলে এ অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনে বিপর্যয় দেখা দিতে পারে।যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, তাপের কারণে রেণু পোনার চাহিদাও কমে গেছে। এ জন্য হ্যাচারির রেণু উৎপাদন সাময়িক বন্ধ রাখতে হয়েছে। তিনি জানান, তাঁর মতো অন্তত ২০টি হ্যাচারির উৎপাদন বন্ধ রয়েছে। তাপমাত্রা কমলে তিনি উৎপাদন শুরু করবেন। মে মাসে উৎপাদন কমেছে: মৎস্য বিভাগ যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে যশোরে কার্পজাতীয় রেণু পোনা উৎপাদনের হ্যাচারি ছিল ৮৫টি। দক্ষতার অভাব ও প্রতিযোগিতায় টিকতে না পেরে গত ১০ বছরে ৫০টি হ্যাচারি বন্ধ হয়েছে। বর্তমানে যশোরে ৩০টি কার্পজাতীয় মাছের হ্যাচারি আছে। এ ছাড়া ১৩টি তেলাপিয়া ও একটি চিংড়ি মাছের রেণু পোনা উৎপাদনের হ্যাচারি সচল আছে।যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান দাবি করেন, ২০০২ সালে ৮৫টি হ্যাচারি থেকে এক লাখ ৬২ হাজার কেজি রেণু পোনা উৎপাদন হয়েছিল। তখন দেশের রেণু পোনার মোট চাহিদার ৭০ শতাংশ যশোর থেকে মেটানো হতো। এখন ৩০টি হ্যাচারিতে ৬০ থেকে ৭০ হাজার কেজি রেণু উৎপাদন হয়।ফিরোজ খান জানান, জানুয়ারি থেকে আগস্ট মাস রেণু উৎপাদনের ভরা মৌসুম। ২০০৫ সাল থেকে তাপমাত্রা বাড়ার কারণে এপ্রিল-মে মাসে উৎপাদন ব্যাহত হচ্ছে। মে মাসে ৭০ শতাংশ উৎপাদন কমে গেছে বলে তিনি দাবি করেন। তবে মৎস্য বিভাগ থেকে সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, ২০০২ সালে ৮৫টি হ্যাচারিতে ৪১ দশমিক ৯৮ মেট্রিক টন রেণু উৎপাদন হয়েছিল। বর্তমানে ৩০টি হ্যাচারিতে ৫৩ দশমিক ১৫ মেট্রিক টন রেণু উৎপাদন হচ্ছে। দেশের মোট চাহিদার ১৭ শতাংশ এ রেণু দিয়ে পূরণ করা হচ্ছে।পরজীবীর আক্রমণে মা-মাছ: উষ্ণতার কারণে মা-মাছের (ব্রুড) পুকুরে রোগবালাইয়ের আক্রমণ বেড়েছে। সম্প্রতি জোঁকজাতীয় লারনিয়া (অ্যাংকর ওয়ার্ম) ও উকুনজাতীয় আরগুলোসিস পরজীবীর প্রকোপ দেখা দিয়েছে। এর জন্য পুকুরে উচ্চক্ষমতার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে মা-মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে।মৎস্য গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, কীটনাশক ব্যবহারের ফলে সাময়িক রোগ প্রতিরোধ হলেও আক্রান্ত মাছের ডিম থেকে উৎপাদিত রেণু পোনার একটি বড় অংশ বিকলঙ্গ হয়ে যাচ্ছে। এতে পোনার মৃত্যুহার বাড়ছে। তিনি বলেন, উত্তরণের জন্য গবেষণার মাধ্যমে বিকল্প পন্থা উদ্ভাবন করতে হবে।