যশোরে অপহরণের চেষ্টাকালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে থেকে এস এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন জেলা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক ওমর ফারুক ও জুবাইদা নার্গিস। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জুবাইদা হলেন সদর উপজেলার বকচর এলাকার বাসিন্দা শহীদুলের সাবেক স্ত্রী। ২০১১ সালে জুবাইদা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শহীদুলের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে একটি মামলা করেন।
গতকাল ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার শুনানি শুরুর আগে ছাত্রলীগের নেতা ওমর ফারুকের নেতৃত্বে তিনজন আদালত প্রাঙ্গণে শহীদুলকে মারধর করতে করতে ব্যাটারিচালিত ইজিবাইকে তোলার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অন্য দুজন পালিয়ে যান। ওই দুজন হলেন যষ্ঠীতলাপাড়ার বাসিন্দা নাঈম ও অসীম।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, শহীদুলকে অপহরণের জন্য তাঁর সাবেক স্ত্রী জুবাইদা ছাত্রলীগ নেতাসহ তিনজনকে ভাড়া করেন। মামলার শুনানি শুরুর আগেই তাঁরা শহীদুলকে অপহরণের চেষ্টা চালায়। ফারুক ও জোবাইদাকে আটক করা হয়েছে।
অন্য দুজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, জেলা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক ফারুকের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ শোনা গেছে। দল থেকে তাঁকে বহিষ্কারের চিন্তাভাবনা চলছে।