যশোরে অপহরণের নয় দিন পর সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের নয় দিন পর গতকাল রোববার দুপুরে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেনের (৪৩) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঝিকরগাছা উপজেলার পদ্মবিলের ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।আলতাফের বাড়ি যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় অপহরণের পর হত্যার একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক পদ্মবিলের পাশে নিজের খেতে গিয়ে দুর্গন্ধ পান। এ সময় তিনি পাশে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের হাতে একটি ঘড়ি ছিল। ওই ঘড়ি দেখেই নিহতের স্বজনেরা লাশের পরিচয় চিহ্নিত করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, নয় দিন আগে আলতাফ হোসেনকে পরিচিত কয়েকজন ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের পক্ষ থেকে পরদিন কোতোয়ালি থানায় নিখোঁজের একটি অভিযোগ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, টাকাপয়সা লেনদেনের কোনো ঘটনায় দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে যেতে পারে। এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়েছে অপহরণের পর হত্যার একটি মামলা দায়ের করেন।