যশোরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের পাটখেত থেকে সৌরভ সাহা (১০) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সৌরভ গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত সোমবার দুপুরে স্কুল থেকে তাকে অপহরণ করা হয়। সৌরভের বাবা স্বপন সাহা সোমবার রাতে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার দিবাগত রাতে চৌগাছার চিতাম্বরপুর গ্রামের বিল্লাল হোসেন (২৫) নামের এক যুবককে পুলিশ আটক করে। বিল্লালের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পাটখেত থেকে সৌরভ সাহার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন: উপজেলার হুদা ফতেপুর গ্রামের কলিম (২৮) ও শ্যামল (২৫) এবং গরীবপুর গ্রামের অমল (২৮)।স্বপন সাহা জানান, সোমবার দুপুরে টিফিনের সময় সৌরভ স্কুল থেকে বাড়িতে আসে। দুপুরে খেয়ে সে আবার স্কুলে যায়। এরপর বেলা আড়াইটার দিকে অপরিচিত নম্বর (০১৭৩৯৯৮৭৮২১) থেকে মুঠোফোনে কল আসে। ওই ফোনকলের মাধ্যমে বলা হয়, ‘সৌরভ আমাদের কাছে আছে। পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত ঝিনাইদহে এলে সৌরভকে ছেড়ে দেওয়া হবে।’ অপহরণের ঘটনা র‌্যাব-পুলিশকে জানালে সৌরভকে হত্যা করা হবে বলেও ফোনে হুমকি দেওয়া হয়।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর সৌরভকে পাটখেতে ফেলে রাখা হয়। ওসি আরও বলেন, টাকা-পয়সার জন্য বিল্লালসহ চারজন সৌরভকে অপহরণ করে। তাঁদের কয়েকজনের সৌরভদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনা জানাজানি হওয়ায় তাঁরা আর সৌরভকে বাঁচিয়ে রেখে ঝামেলা বাড়াতে চাননি বলে বিল্লাল স্বীকারোক্তিতে জানিয়েছেন।