প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই বছর আগে যশোর জেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকারের মেয়াদ আছে মাত্র কয়েক মাস। তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় যশোর অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) যশোরের উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান বলেন, খুলনা বিভাগের অর্থনৈতিক অঞ্চল হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১৫ একর জমির ওপর কার্যক্রম শুরু করা হয়েছে। সে ক্ষেত্রে যশোরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থাপন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ল। বেনাপোল ও ভোমরা স্থল এবং মংলা নৌবন্দরের ট্রানজিট পয়েন্ট যশোর। যশোর শহর থেকে দেশের বিভিন্ন স্থানে রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নওয়াপাড়ায় রয়েছে নৌবন্দর। গ্যাস ও বিদুতের সুবিধাও রয়েছে। যশোরে উৎপাদিত রেণু পোনা, সবজি, ফুল এবং মোটরগাড়ির কাঠামো ও যন্ত্রাংশ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এ কারণে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০’-এর আওতায় এ অঞ্চলে কৃষি ও অটোমোবাইলভিত্তিক শিল্পাঞ্চল স্থাপন করার দাবি জোরালো হয়। ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধন-উত্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরকে অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনার ঘোষণা দেন। পরে দুটি সমীক্ষাপত্র খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। গ্যাস, রেল যোগাযোগ ও বিদ্যুৎসুবিধার সহজপ্রাপ্তির ভাবনা থেকে বর্তমান জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ২০১১ সালে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে রামনগর ইউনিয়নে এ শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য আরেকটি সুপারিশ পাঠান। যশোর শিল্প ও বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান বলেন, একমাত্র নৌবন্দরকে কেন্দ্র করে চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগর। সেখানে বেনাপোল, মংলা, দর্শনা ও ভোমরা—এ চারটি নৌ ও স্থলবন্দরকে ঘিরে যশোর দেশের তৃতীয় বাণিজ্যিক নগর হতে পারে। ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার বসুন্দিয়া ও চেঙ্গুটিয়া রেলস্টেশন এলাকায় রেলওয়ের ৩০০ বিঘা জমি রয়েছে। ওই এলাকায় কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং এ দুটি রেললাইন সংস্কার করে মংলা বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করলেই এখান থেকে পণ্য সারা দেশে কম খরচে সহজে পৌঁছে দেওয়া যাবে। যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান বলেন, ‘প্রস্তাবনা কোন অবস্থায় রয়েছে, তা আমার জানা নেই। তবে কুষ্টিয়ায় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বলে যশোরে হবে না, এমনটি নয়।’ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেক জেলায় একটি করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।