যশোরে আ. লীগ সাংসদের বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনে আওয়ামী লীগের সাংসদ রণজিত কুমার রায়ের বাড়িতে বোমা হামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে যশোর শহরের বারান্দি নাথপাড়া এলাকায় সাংসদের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত একটার দিকে সাংসদ রণজিতের বাড়ির বাইরে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন বাইরে গিয়ে দেখেন, ভবনের দোতলার একটি জানালার নিচে বোমা বিস্ফোরণের চিহ্ন রয়েছে। একটি জানালার কাচ ভেঙে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ রণজিত রায়ের একান্ত সহকারী সুকুমার আঢ্য প্রথম আলো ডটকমকে বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ হামলা চালাতে পারে। হামলার সময় সাংসদ বাড়িতে ছিলেন না। এ ঘটনায় কেউ আহত হননি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা, কেন এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বোমা বিস্ফোরণের রাতে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। আজ শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি জানানো হয়। বোমা বিস্ফোরণ নিয়ে কিছুটা রহস্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাংসদ রণজিত রায় চারতলা ওই ভবনটির নিচ তলায় ভাড়া থাকেন।