যশোরে আ.লীগ নেতাকে গুলি
যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে মুমূর্ষু অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজরুলকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করা হয়। তাঁকে লক্ষ্য করে সন্ত্রাসীরা সাতটি গুলি চালায় বলে জানা গেছে। নজরুল যশোর জেলা টায়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি। তাঁর বাড়ি শহরের বারান্দিপাড়া এলাকায়। এ প্রতিবেদন লেখার সময় রাতে হাসপাতালে নজরুলের দেহে অস্ত্রোপচার করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে নজরুল শহরের মনিহার এলাকায় তাঁর পুরোনো টায়ার ব্যবসার প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী আকস্মিক তাঁর দোকানে গিয়ে তাঁকে লক্ষ্য করে সাতটি গুলি করে দ্রুত পালিয়ে যায়।