যশোরে আ.লীগ নেতার হুমকির পর চার দিন স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। আমাকে না জানিয়ে কী করে স্কুলের ম্যানেজিং কমিটি করা হলো? তিন দিনের মধ্যে কমিটি ভেঙে দিয়ে আমাদের দলীয় লোক ঢোকাবি, নয়তো ছুরি মেরে ভুঁড়ি নামিয়ে দেব।’যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খাজুরা বাজারের টিপিএম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমানকে এভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের পছন্দের এক ব্যক্তিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে জায়গা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হুমকি দেন বলে প্রধান শিক্ষক আজিজুর রহমান অভিযোগ করেন।আজিজুর রহমান বলেন, গত মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের নেতা জিয়াউর রহমান, ওলামা লীগের নেতা শরিফুল ইসলাম ওরফে লাদেন ও তাঁদের অনুসারী মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, কহিনুর ইসলাম, সিরাজুল ইসলাম ও জিন্নাত হোসেন স্কুলে আসেন। এ সময় জিয়াউর রহমান জানতে চান মহিদুলকে কেন বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে ঢোকানো হলো না। একপর্যায়ে তিনি ছাত্রছাত্রীদের সামনে গালিগালাজ করেন এবং ছুরি মারার হুমকি দেন।আজিজুর রহমান আরও জানান, বিষয়টি তাত্ক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত হোসেনকে জানানো হয়। তিনি পরের দিন বুধবার কমিটির সভা ডাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ওই সভায় ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া নিরাপত্তার দাবি জানিয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলচন্দ্র হালদারকে চিঠি দেওয়া হয়েছে।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষে তালা ঝুলছে। কার্যালয়ে প্রধান শিক্ষক ও বাঘারপাড়া বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সভা ডেকে বিদ্যালয় চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এমপি সাহেব এলাকায় ফিরলে তাঁকে বিষয়টি জানানো হবে।’অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাগনে-ভাইঝিরা ওই স্কুলে পড়ে। স্কুলের পরিচালনা কমিটি কাদের নিয়ে করলে ভালো হবে, সে কথা বলার অধিকার তো আমার আছে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলচন্দ্র বলেন, ‘হুমকির বিষয়টি লিখিতভাবে আমাকে জানানো হয়েছে। আমি প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছি।’এ ব্যাপারে ওসি শামীম মূসা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।