যশোরে আ.লীগ নেত্রীর বাড়িতে বোমা হামলা ছেলেকে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা জারিন রহমানের বাসভবনে গত বুধবার রাতে বোমা হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর ছেলে ছাত্রলীগ নেতা আরাফাত রহমানকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিও ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।জারিন রহমানের ভাষ্যমতে, যশোর শহরের পালবাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সন্ধ্যা সাতটার দিকে তাঁর পুলিশ লাইন এলাকার বাসভবনে ছয়-সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা বাড়ির সামনে তার ছেলেকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। তবে ছেলে ভাগ্যক্রমে বেঁচে যায়। জারিন রহমানের ছেলে আরাফাতের ভাষ্য, যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলামের ছেলে তানভীরের সঙ্গে সম্প্রতি এলাকার কিছু ছেলের মারামারি হয়। বিষয়টি মীমাংসার উদ্দেশে তিনি বুধবার রাতে ওই ছেলেদের নিয়ে তাদের বাড়ির পেছনে বসেন। এ সময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান ও তার মামা টিপুর নেতৃত্বে তাদের বাড়িতে বোমা হামলা চালানো হয়। বোমার শব্দ শুনে তারা বাড়ির সামনের দিকে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তারা মাটিতে শুয়ে পড়ে প্রাণে রক্ষা পান।জানতে চাইলে ছাত্রলীগ নেতা নুরুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি পার্টি অফিসে একটি আলোচনা অনুষ্ঠানে ছিলাম। আমি কিংবা টিপু কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, ‘বোমা হামলা হয়েছে ঠিক, কিন্তু গুলির কথা শুনিনি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হোসেন বলেন, এ ঘটনায় জারিন রহমান বাদী হয়ে ওই রাতেই ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।