যশোরে আ.লীগের কোন্দল ছাত্রলীগে, শহরে বোমাতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল এখন ছাত্রলীগের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের সম্মেলনে নেতৃত্ব ও স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠায় দুই পক্ষই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। গত ১৫ দিনে শহরের চারটি ফাঁকা জায়গায় ১৩টি বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।অব্যাহত বোমা বিস্ফোরণের ব্যাপারে পুলিশ সুপার দিদার আহমেদ বলেন, ‘১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে। আমরা ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করেছি। তাদের আটকের চেষ্টা চলছে।’ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, ‘সম্মেলনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে তা কারা ঘটাচ্ছে তা জানি না।’ সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান ওরফে টিটো ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের রেশ ছাত্রলীগে ঢুকে পড়েছে। আগামী ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে বিরোধ আরও প্রকট আকার ধারণ করেছে। উভয়পক্ষ আধিপত্য বিস্তারে চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করছে। এর মধ্যে সাংসদ-সমর্থিত ব্যক্তিরা খড়কির চিহ্নিত সন্ত্রাসী ডিকো বাহিনীকে আর চাকলাদার-সমর্থিত ব্যক্তিরা সন্ত্রাসী বাঁশি রিপন ও ভুট্টো বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তবে ভুট্টো ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি রাতে শহরের ষষ্টিতলা এলাকায় সাংসদ টিটোর বাড়ির সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যশোর কোতোয়ালি থানার পুলিশ এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ঘটনার দুই দিন পর গত রোববার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে দুই দল সন্ত্রাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আরও তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় মিশনপাড়ার আওরঙ্গজেব মনি কোতোয়ালি থানায় মামলা করেন। একই দিনে এমএম কলেজে অনার্স ভর্তির সাক্ষাত্কারের শেষ দিনে সাংসদ-সমর্থিত মিলু-মুক্তপক্ষের সঙ্গে চাকলাদার-সমর্থিত রহমান পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চাকলাদার পক্ষের তরিকুল ইসলাম আহত হন।যশোরের শিক্ষাবিদ তারাপদ দাস বলেন, যশোর শহরে হঠাত্ করে বোমাবাজেরা সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক আবু সালেহ বলেন, সন্ধ্যার পর বাইরে না থাকার জন্য ছেলেমেয়েদের বলা হয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান শাহিন চাকলাদার বলেন, ‘আমার সমর্থিত বলে ছাত্রলীগে কোনো গ্রুপ নেই। মূলত, শেখ হাসিনার ছাত্রলীগকে উত্খাত করার জন্যই এমপি সাহেব এলাকার ত্রাস ষষ্টিতলাপাড়ার হাঁস সোহেল ও ডিকো বাহিনীর মতো চিহ্নিত সন্ত্রাসী দিয়ে প্রকৃত ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন।’ এই অভিযোগ অস্বীকার করে সাংসদ খালেদুর রহমান মুঠোফোনে বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে ছাত্রলীগই সিদ্ধান্ত নেবে, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। বোমা বিস্ফোরণের বিষয়ে আমি কিছু জানি না। তবে এ চর্চাটি ভালো নয়।’