যশোরে আগুনে পুড়ে গেছে ৩০ হাজার মণ পাট
যশোরের সদর উপজেলায় ছয়টি গুদামে আগুন লেগে অন্তত ৩০ হাজার মণ পাট পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর সাতটি দল প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উপজেলার আহাদ জুট স্পিনার্স লিমিটেডের এক কর্মচারী বেলা ১১টার দিকে তাঁদের ২ নম্বর গুদামে আগুন দেখতে পান। পরে এই আগুন দ্রুত অন্য আরও পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু একপর্যায়ে দমকল বাহিনীর মজুদ পানি ফুরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের মনিরামপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছা ইউনিটে খবর পাঠানো হয়। চারটি ইউনিটের সাতটি দল চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আহাদ জুট স্পিনার্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও রপ্তানি) এ এস কে সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের সাতটি অ্যাসল্টিং গুদাম বা যাচাই ঘরের মধ্যে ছয়টিতে ৩০ হাজার মণ গোড়া কাটা পাট রাখা ছিল। সুতা তৈরির জন্য এই পাট প্রস্তুত করা হচ্ছিল। ছয়টি গুদামের সব পাট পুড়ে গেছে। এই পাটের বর্তমান বাজারমূল্য অন্তত ছয় কোটি ৬০ লাখ টাকা।কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।