যশোরে আতঙ্কে রাস্তায় নামেনি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা আর ধরপাকড়ের মধ্য দিয়ে গতকাল সোমবার যশোরে দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। প্রথম দিনের হরতালে যশোরে খুনসহ ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এ কারণে হরতাল-সমর্থকেরা রাস্তায় না থাকলেও মানুষ ঘর ছেড়ে বের হতে সাহস দেখায়নি। গতকাল দুপুরে শহর ঘুরে কোথাও হরতাল-সমর্থকদের রাস্তায় দেখা যায়নি। তবে হরতালবিরোধীদের উপস্থিতি ছিল। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। শহরের ভেতরেও ভ্যান, রিকশা, ইজিবাইকও তেমন একটা চোখে পড়েনি। রাস্তায় মানুষের উপস্থিতি অনেক কম ছিল। যানবাহন না থাকায় অনেকে কর্মস্থলে যেতে পারেননি। অন্যান্য দিনের হরতালে শহরে অনেকটা স্বাভাবিক পরিবেশ থাকলেও গতকাল ছিল ভিন্ন চিত্র। এর কারণ হিসেবে জানা গেছে, প্রথম দিনের হরতালে নওয়াপাড়ায় প্রতিপক্ষের হাতে খুন হন যুবলীগের নেতা আলমগীর হোসেন ওরফে শিমুল। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলদারকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শহরের দড়াটানায় প্রকাশ্যে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিকেলে আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল বের করে। মিছিল শেষে দড়াটানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শাহিন চাকলাদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘কাল থেকে আপনাদের মাঠে থাকার দরকার নেই। আমরা যশোরের রাজপথ সামাল দেব।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই একটু পিছিয়েছি। কারণ, আওয়ামী লীগ ছিল মারমুখী। সংঘাত এড়াতে আমরা ছোট একটি মিছিল করে রাজপথ ছেড়ে দিয়েছি।’ সামাজিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক এম আর খায়রুল ইমাম বলেন, যশোর শহরে এখন বোমা-গুলি খুবই সাধারণ বিষয় হয়ে গেছে। রাস্তায় মানুষের নিরাপত্তা নেই। সহিংসতার মধ্যে সাধারণত মানুষ যেতে চায় না। হরতাল-সমর্থক আর বিরোধীদের চাপে মানুষ দিশেহারা।