যশোরে আরও দুই স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ৮
যশোরে নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের শার্শা উপজেলার দুজন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলায় মোট তিনজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। নতুন আটজন নিয়ে জেলায় মোট ১৩ জনের শরীরে করোনা পাওয়া গেল। যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার সকালে এসব তথ্য জানানো হয়েছে।
আক্রান্ত মোট তিনজন স্বাস্থ্যকর্মীর মধ্যে অপরজন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত। আক্রান্ত তিনজনকেই এখন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদর ও শার্শা উপজেলার দুজন করে, ঝিকরগাছার তিনজন এবং চৌগাছা উপজেলার একজন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে করোনাভাইরাসের এসব নমুনা পরীক্ষা করা হয়।
যবিপ্রবি সূত্রে জানা গেছে, গত দুদিনে এখানে খুলনা বিভাগের ছয় জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের ৪১টি নমুনার মধ্যে নয়টি, ঝিনাইদহের ২০টি নমুনার মধ্যে দুটি ও নড়াইলের ২২টি নমুনার মধ্যে একটির প্রতিবেদন করোনা 'পজিটিভ' পাওয়া গেছে। এর বাইরে মাগুরা ১১টি ও চুয়াডাঙ্গার একটি নমুনা পরীক্ষা করে সব কটির প্রতিবেদন 'নেগেটিভ' এসেছে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, তাঁদের কার্যালয় থেকে ৪১টি নমুনা পাঠানো হয়েছিল। নয়জনের প্রতিবেদন করোনা 'পজিটিভ' এলেও আটজন যশোরের বাসিন্দা। অপরজন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বাসিন্দা। এ ছাড়া মনিরামপুরের স্বাস্থ্যকর্মীর দুইবার নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে যশোরে এ পর্যন্ত ১৩ জন করোনায় আক্রান্ত ধরা হচ্ছে।
সিভিল সার্জন আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। তাঁদের করোনা চিকিৎসার জন্যে যশোর বক্ষব্যধি হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদের নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিমালা মেনেই সবকিছু করা হচ্ছে বলে তিনি জানান।