যশোরে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা হয়নি
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় আজ শনিবার পর্যন্ত মামলা হয়নি। এদিকে উপজেলার হরতাল কর্মসূচি আজ দুপুর দুইটার দিকে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগের ডাকে গত শুক্রবার ভোর ছয়টা থেকে উপজেলায় হরতাল চলছিল।
আজ দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল শেষে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিত্র প্রথম আলো ডটকমকে বলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুজ্জামান আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এ সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আবার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুর্বৃত্তরা জিল্লুর রহমানের বুকে ও পেটে গুলি করে হত্যা করে। সিংহঝুলি ইউপি-সংলগ্ন শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। জিল্লুর রহমান যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মামলা দেওয়ার জন্য নিহত চেয়ারম্যানের পরিবারের লোকজনকে অনুরোধ জানানো হচ্ছে। তাঁরা পারিবারিক বৈঠক করে মামলা দেবেন বলে জানিয়েছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক চৌগাছার জাহাঙ্গীরপুর গ্রামের বকুল ও পান্নু এবং দীঘলসিংহা গ্রামের রনিকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হবে বলে ওসি জানান।