যশোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ওরফে মিন্টুকে (৪৫) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইউনিয়ন পরিষদসংলগ্ন শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন জিল্লুর রহমান।অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিনি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন।এ সময় আরেকজন ব্যক্তি এসে জিল্লুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন।তারপর তিনজনই দ্রুত পালিয়ে যান।আহত অবস্থায় স্থানীয় লোকজন জিল্লুর রহমানকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলো ডটকমকে বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।তবে তদন্ত চলছে।ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশ পাঠানো হচ্ছে।এখনো কাউকে আটক করা যায়নি।তবে হত্যাকারীদের আটক করতে সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।