যশোরের বেনাপোল বন্দরসংলগ্ন এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান, বন্দরের শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা কামাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগের কর্মী আশানুর রহমান, বেনাপোল বন্দরের শ্রমিক শাহাদৎ হোসেন ও পথচারী শহীদুল ইসলাম। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বন্দরের শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠন গতকাল মঙ্গলবার বন্দরের পণ্য খালাসের কাজ বন্ধ রাখে। এ কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের নির্বাচন-সংক্রান্ত আলোচনার জন্য সোমবার রাতে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও আওয়ামী লীগের কর্মী আশানুর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে যান। বাড়ির একটি ঘরে বসে আলোচনার সময় কয়েকজন যুবক সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তখন দৌড়ে পালানোর সময় একটি গুলি কামালের পায়ে বিদ্ধ হয়। এ সময় পথে দাঁড়িয়ে থাকা শ্রমিক শাহাদাতের পেটে ও পথচারী শহিদুলের হাঁটুতে গুলি লাগে। আর আশানুরকে তারা কুপিয়ে জখম করে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গতকাল বিকেলে বলেন, এ বিষয়ে এখানো কেউ কোনো অভিযোগ দেননি। তবে জানা গেছে, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে অবস্থান করার সময়ে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকার ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দরের পরিচালক আনোয়ার হোসেন মল্লিক বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে শ্রমিকেরা বন্দরের কাজ বন্ধ রেখেছেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে যৌথ সভা করে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।