যশোরে ইউপি চেয়ারম্যানসহ তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল বন্দরের কাছে একটি বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ তিনজন। এ ছাড়া আওয়ামী লীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবাদে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠন আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের পণ্য খালাসের কাজ বন্ধ করে রেখেছে। এজন্য বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির কাজ বন্ধ রয়েছে।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা কামাল হোসেন ভূইয়া, বেনাপোল বন্দরের শ্রমিক শাহাদৎ হোসেন ও পথচারী শহীদুল ইসলাম। এ ছাড়া আওয়ামী লীগের কর্মী আশাদুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের নির্বাচনসংক্রান্ত আলোচনার জন্য গতকাল রাতে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও আওয়ামী লীগের কর্মী আশাদুল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে যান। বাড়িতে বসে আলোচনার সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা আওয়ামী লীগের কর্মী আশাদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় আশাদুলের সঙ্গে থাকা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন পালিয়ে যান। পালানোর সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে একটি গুলি কামালের পায়ে লাগে। একই সময় পথে দাঁড়িয়ে থাকা শ্রমিক শাহাদাতের পেটে ও পথচারী শহিদুলের হাঁটুতে একটি করে গুলি লাগে।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজ বিকালে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। তবে জানা গেছে, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
আমদানি-রপ্তানির বন্ধ থাকার ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দরের পরিচালক আনোয়ার হোসেন মল্লিক প্রথম আলোকে বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে শ্রমিকেরা বন্দরের কাজ বন্ধ রেখেছেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে যৌথ সভা করে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।