যশোরে ইমামসহ দুজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত যশোরের ফজলে রাব্বির সঙ্গে সম্পর্ক ছিল এমন আরও দুজনকে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, বুধবার মধ্যরাতে পুলিশ তাঁদের ধরে নিয়ে গেছে। তবে পুলিশ তা অস্বীকার করছে।
নিখোঁজ দুজন হলেন নিহত ফজলে রাব্বির গ্রাম যশোরের কিসমত নওয়াপাড়া এলাকার যুব উন্নয়ন মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহ (২০) ও একই এলাকার তৈয়বুর রহমান ওরফে সুমন (২৫)। ওবায়দুল্লাহ যুব উন্নয়ন ক্যাম্পাসের ভেতরে মসজিদের পাশের একটি ঘরে থাকতেন। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে। তিনি যশোরের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র। আর তৈয়বুর রহমান যুব উন্নয়ন-সংলগ্ন এলাকার আইয়ুব হোসেনের ছেলে।
এর আগে নোয়াপাড়া এলাকার মসজিদের ইমাম মো. ইয়াহিয়াকে বাড়ি থেকে সাদাপোশাকের একদল ব্যক্তি ধরে নিয়ে গেছেন বলে পরিবার অভিযোগ করেছিল। তাঁর খোঁজ গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।
সর্বশেষ নিখোঁজ ওবায়দুল্লাহর ভগ্নিপতি মো. কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওবায়দুল্লাহকে ঘুম ডেকে তুলে নিয়ে গেছে।
তৈয়বুর রহমানের মা তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পুলিশের ছয় সদস্য বাড়িতে আসেন। তাঁদের তিনজন পুলিশের পোশাক, দুজন আনসারের পোশাক ও একজন সাদাপোশাকের ছিলেন। তাঁরা কিছু কথা জিজ্ঞাস করে দিয়ে যাওয়ার কথা বলে তৈয়বুরকে নিয়ে যান। এরপর সকালে থানায় গেলে পুলিশ আটকের কথা অস্বীকার করে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ওবায়দুল্লাহ ও তৈয়বুর রহমান নামের কাউকে পুলিশ আটক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই।