যশোরে এইচএসসি পরীক্ষার্থী খুন, আটক একজন
যশোরে শরীফ আকতার (১৬) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর সদর উপজেলার উপশহর এফ ব্লকের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শরীফ মাগুরার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের শফিউদ্দীন শিকদারের ছেলে। সে যশোর উপশহর এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করত। যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাজমুলকে (১৯) আটক করেছে পুলিশ। নাজমুল ইলেকট্রনিকের কাজ করেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, দিন পাঁচেক আগে শরীফের সঙ্গে স্থানীয় এক তরুণীকে দেখে ক্ষিপ্ত হন নাজমুল। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল সকালে স্থানীয় এক বড় ভাই বিষয়টি নিয়ে সালিস করেন। সালিসে শরীফ অপমানিত বোধ করে। পরে শরীফ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে নাজমুলকে মারধর করে। এ সময় নাজমুল দৌড়ে গিয়ে পাশের একটি কাঠের দোকান থেকে ছুরি এনে শরীফের বুকে বসিয়ে দেন। গুরুতর অবস্থায় শরীফকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শরীফের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শরীফের বাবা শফিউদ্দিন শিকদার গতকাল সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে নাজমুলসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, মেয়েলি বিষয় নিয়ে শরীফ ও নাজমুলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গণ্ডগোলের একপর্যায়ে নাজমুল শরীফের বুকে ছুরি ঢুকিয়ে দেন বলে জানা গেছে। নাজমুলকে আটক করা হয়েছে।