যশোরে এক ছাতার নিচে পাসপোর্টের সব সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে আজ রোববার থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সাত দিনব্যাপী সেবা সপ্তাহ শুরু হয়েছে। পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তিদের সহায়তার জন্য কার্যালয় চত্বরে একাধিক সহায়তা বুথ বসানো হয়েছে।

অনলাইনে ব্যাংকের মাধ্যমে টাকা জমা, অনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি তোলা, আবেদন জমা দেওয়াসহ বিভিন্ন সেবা নাগরিকেরা একই ছাতার নিচ থেকে পেয়ে যাবেন।

আজ রোববার সকাল ১০টায় ফিতা কেটে সেবা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক হ‌ুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জামাল হোসেন। বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি এম আর খায়রুল ইমাম, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

উপপরিচালক জামাল হোসেন বলেন, পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে একাধিক হেল্প ডেস্ক (সহায়তা বুথ) বসানো হয়েছে। আগামী সাত দিন পাসপোর্ট নিতে আগ্রহী ব্যক্তিরা এখান থেকে ব্যাংকে টাকা জমা, অনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি তোলা, আবেদনপত্রসহ যাবতীয় কাজ করতে পারবেন।