যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামে লিয়াকত হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তপসিডাঙ্গা গ্রামের আঞ্জুরা বেগমের বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে লিয়াকত হোসেনের ছেলে আল আমিন গতকাল কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তপসিডাঙ্গা গ্রামের আঞ্জুরা বেগম ওরফে পিপিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।মঙ্গলবার রাতেই আঞ্জুরা বেগমকে আটক করে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১২টার দিকে লিয়াকত হোসেন ছাগলকে ভুসি খাওয়াচ্ছিলেন। এ সময় তিনি পার্শ্ববর্তী আঞ্জুরা বেগমের বাড়ির উঠানে কাঁঠালপাতা আনতে যান। তখন আঞ্জুরার নেতৃত্বে তাঁর ছেলেসহ কয়েকজন লিয়াকতের ওপর হামলা চালান এবং মাথায় ধালালো অস্ত্র নিয়ে কোপান। ঘটনাস্থলেই তিনি মারা যান। কোতোয়ালি থানার উপপরিদর্শক তোফায়েল আহম্মেদ বলেন, মাস খানেক আগে বোমা ও গুলিসহ আঞ্জুরা বেগমের ছেলে আমিনুর রহমানকে আটক করা হয়। আঞ্জুরার ধারণা, লিয়াকত ও তাঁর ছেলে আমিনুরকে ধরিয়ে দিয়েছেন। সেই শত্রুতার জের ধরে লিয়াকতের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।