যশোরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পালবাড়ী এলাকায় আজাদ (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজাদ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গত মঙ্গলবার বিকেলে আজাদ তাঁর সঙ্গী আমিনুরকে নিয়ে যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলা এলাকা থেকে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথে মোটরসাইকেল আরোহী একদল সন্ত্রাসী তাঁদের পথরোধ করে আজাদকে জোর করে শহরের পালবাড়ী এলাকায় তুলে নিয়ে যায়। কিছু সময় পর স্থানীয় একটি করাতকলের পাশ থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর গতকাল সকালে তিনি মারা যান। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল আলম বলেন, আজাদের মাথার পেছন, মুখমণ্ডল, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।