যশোরে এক হাজার সংগ্রাম কমিটি
একদলীয় নির্বাচন ঠেকাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমন্বয়ে যশোর জেলায় অন্তত এক হাজার সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সব কটি কমিটি গঠনের কাজ শেষ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের ঘোষণার পর থেকে যশোরে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ শুরু হয়।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক জানান, জেলার ৭৫২টি ভোটকেন্দ্রে একটি করে সংগ্রাম কমিটি করা হয়েছে। এ ছাড়া পৌরসভার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়েও কমিটি করা হয়েছে। প্রত্যেক কমিটিতে ১৮ দলের নেতা-কর্মীর বাইরেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককে বাইরে রেখে যাঁরা ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে পারেন, এমন বিশিষ্ট ব্যক্তিকে কমিটির প্রধান করা হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদাকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হককে সমন্বয়কারী করে ৫১ সদস্যবিশিষ্ট জেলা সংগ্রাম কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টিসহ (বিজেপি) ১৮-দলীয় জোটভুক্ত দলের নেতাদের পদাধিকারবলে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।