যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের তিনজন কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্রলীগের কর্মীরা হলেন: কলেজের অর্থনীতি (সম্মান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তফা কামাল, মাসুদ রানা ও শরিফুল ইসলাম। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনেরই বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাটিয়াটোলা গ্রামে। হামলার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে শিক্ষক পরিষদের জরুরি বৈঠকে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে হামলায় জড়িত সন্ত্রাসীদের আটক ও কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হকের অপসারণের দাবিতে জেলা ছাত্রলীগের একাংশ তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ সমাবেশ করে। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসের ভেতরে প্রথমে মাসুদ রানার ওপর হামলা চালায় ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী। তাঁকে বাঁচাতে গিয়ে অপর দুই কর্মী কামাল ও শরিফুল আহত হন।