যশোরে এমএসটিপির শতবর্ষপূর্তি উৎসব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধু, কী খবর বল’, ‘কত দিন দেখা হয়নি’—এমন সম্বোধনে কাল শনিবার মুখর হয়ে উঠবে যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস। বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী ২০১৬ অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হবে ক্যাম্পাস প্রাঙ্গণ।

এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের উৎসব শেষ হবে। ইতিমধ্যে বিদ্যালয়ের ৮০০ জন প্রাক্তন ছাত্রী উৎসবে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে উৎসব প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শতবর্ষ উদ্‌যাপন উৎসব ও পুনর্মিলনী ২০১৬-এর আহ্বায়ক হিসেবে উৎসবে থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হলের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। সভাপতিত্ব করবেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান ও সদস্য রওশন আরা রাশু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল আনাম, শতবর্ষ উদ্‌যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাবেরা সুলতানা, আফরোজা সুলতানা, রুমানা সুলতানা, শেগুফতা সাদাৎ,  ফারজানা করিম, মিনারা খন্দকার, আঞ্জুমান আরা, আসমা আর ডলি প্রমুখ।