যশোরে ওএমএসের ১০ বস্তা চাল উদ্ধার, ডিলার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে সাহাজ্জেল হোসেন নামের এক ডিলারকে গতকাল শনিবার আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। সাহাজ্জেল হোসেন আওয়ামী লীগের পৌর কমিটির সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাহাজ্জেল পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের ওএমএসের চালের ডিলার। এ চাল দরিদ্র মানুষের কাছে বিক্রির কথা। কিন্তু সাহাজ্জেল ৯০০ কেজি চাল উচ্চমূল্যে চৌগাছা বাজারের চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। গতকাল তাঁকে চৌগাছা বাজার থেকে চালসহ আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।