যশোরে ওষুধের দোকানে ছাত্রলীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সল খান শহরের একটি ওষুধের দোকানে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মোড়ে অবস্থিত নিপু ড্রাগ হাউসে ওই হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে গতকাল শহরের ওষুধ ব্যবসায়ীরা আধা বেলা দোকান বন্ধ রাখেন।নিপু ড্রাগ হাউসের স্বত্বাধিকারী আহসান কবির জানান, বুধবার রাত নয়টার দিকে ফয়সল মদ্যপ অবস্থায় দোকানে এসে তাঁর ছোট ভাই আজমল কবিরের খোঁজ করেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আজমলকে না পেয়ে ফয়সল চলে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে ফয়সল ২০-২৫ জন সাঙ্গপাঙ্গ নিয়ে দোকানে এসে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা দোকানের ওষুধপত্র তছনছ করেন। আহসান কবির জানান, তখন বাধা দিতে গেলে তাঁরা তাঁকে মারধর করেন।আহসান কবির বাদী হয়ে ওই রাতেই কোতোয়ালি থানায় ফয়সল খান ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শিপন ওরফে টাক শিপনকে আসামি করে মামলা করেন। রাতেই ঘোপ জেল রোড থেকে ফয়সলকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।