যশোরে কলেজছাত্র খুলনায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গত মঙ্গলবার রাতে এক কলেজছাত্র এবং খুলনায় সোমবার একজন তরুণ খুন হয়েছেন।যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র তানজিম আল সাকিক ওরফে আলভিকে (১৬) মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার উপশহর এস ব্লক এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। আলভি উপশহর ৭ নম্বর সেক্টরের এফ ব্লক এলাকার জুলফিকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, রাত ১০টার দিকে উপশহর এস ব্লক এলাকায় সন্ত্রাসীরা আলভিকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।আলভির চাচা নূরজালাল জানান, রাত ১০টার দিকে বাড়িতে ফেরার সময় স্থানীয় সেলিম নামের এক যুবক অলভিকে চা খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী এস ব্লকের দিকে নিয়ে যায়। সেখানে স্থানীয় কবির হোসেন নামের অপর এক যুবকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আলভিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।মুঠোফোনে ডেকে নিয়ে খুলনা নগরে সোহেল রানা (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নগরের ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল রানা খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক। সোহেলের বোন মুক্তা খাতুন জানান, রোববার এলাকার কয়েকজন ছেলের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। সোমবার রাতে ভাত খাওয়ার সময় ওই ছেলেদের মধ্যে একজন মুঠোফোনে তাঁর ভাইকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে টেক্সটাইল মিল এলাকায় তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। খুলনার সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।