যশোরে কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় পরিবারের মামলা
যশোরের মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে কলেজছাত্রী ইতি মল্লিকের (১৭) আত্মহত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। তথ্যপ্রযুক্তি আইনে ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত শনিবার রাতে মনিরামপুর থানায় মামলাটি করা হয়।
মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মনিরামপুর উপজেলার কুমারসীমা গ্রামের প্রদীপ মল্লিকের ছেলে শিমুল মল্লিক এবং খুলনার দৌলতপুরের দীপ মণ্ডল ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, কলেজছাত্রী ইতির বাবা স্বপন মল্লিক শনিবার রাতে মামলাটি করেন। এতে আসামি শিমুল ও দীপের বিরুদ্ধে তিনি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। ওসি বলেন, ‘সাগর বিশ্বাস’ নামের ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। আসলে দীপ মণ্ডলই ওই নামে অ্যাকাউন্ট খোলেন। ঘটনার পর ওই অ্যাকাউন্ট থেকে সবকিছু মুছে ফেলা হয়েছে। ওসি আশা করছেন, পুলিশ শিগগিরই আসামিদের ধরতে পারবে।