যশোরে কারাবন্দী ছাত্রদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দী সামী-উজ-জামান ওরফে উজ্জ্বল (৩৮) মারা গেছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সামী-উজ-জামান মারা যান। তিনি মাদক-সংক্রান্ত একটি বিচারাধীন মামলার আসামি ছিলেন। তাঁর বাড়ি শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে। বাবার নাম মনিরুজ্জামান।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকের একটি মামলায় যশোরের আমলি আদালতের মাধ্যমে গত ২০ জুন সামী-উজ-জামানকে কারাগারে পাঠানো হয়। কয়েক দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, আগে থেকেই কারাবন্দী সামী-উজ জামান অসুস্থ ছিলেন। তাঁর বুকে রিং পরানো ছিল। আজ স্ট্রোক করলে তাঁকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
সুরতহাল ও ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।