যশোরে কে এই আদম আলী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদম আলী
আদম আলী

কে এই আদম আলী? যাঁকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য গত রোববার সাত ঘণ্টা ‘অনশন’ করলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রার্থী খান টিপু সুলতান।
থানা থেকে ছাড়াতে না পারলেও শেষ পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল সোমবার যশোরের জ্যেষ্ঠ বিচারক আমীরুল ইসলামের আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে গেছেন আদম আলী। টিপু সুলতানের ভাষায়, ‘আদম ছেলেটা একটু ডানপিটে। তার সব দুরন্তপনার কারণ, সে সংগঠনকে ভালোবাসে।’
আর যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য বললেন, ‘আদম আলী এক ভয়ংকর সন্ত্রাসী। যে কিনা নিজের নামে একটি বাহিনী তৈরি করে দিনের পর দিন মনিরামপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনখারাবি চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচনে টিপু সুলতানের পক্ষে ভোটকেন্দ্র দখল করে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করেছে।’
৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মনিরামপুরের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ১৬ জানুয়ারি ওই স্থগিত কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খান টিপু সুলতান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন স্বপন ভট্টাচার্য, তাঁর প্রতীক কলস। যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, যশোর-৫ আসনের স্থগিত হওয়া ৬০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং মানুষের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য যে অভিযান চলছে, তার অংশ হিসেবে আদম আলীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, ‘আমার জানামতে, আদম আলীর নামে যে আটটি মামলা ছিল, সেগুলোর তিনটি মিটে গেছে। আদালতে বিচারাধীন আছে তিনটি। অন্য দুটিতে তিনি পলাতক আসামি। এ দুটির একটি যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল গফুর হত্যাচেষ্টা মামলা এবং অন্যটি মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ ইকবালের বাড়িতে বোমা হামলার অভিযোগে করা।’
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাংসদ খান টিপু সুলতানের আনুকূল্যে আদম আলী মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি এবং পৌরসভার নির্বাচনে দুর্গাপুর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। একপর্যায়ে আদম আলী এলাকায় একটি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর বেশির ভাগ সদস্যই স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের কর্মী এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। নিজ দলের প্রতিপক্ষ এবং বিরোধী দলের নেতা-কর্মীরা এই বাহিনীর মারধরের শিকার হয়েছেন। এলাকার অনেকে এই বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার অনেক অভিযোগ উপস্থাপন করলেও কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। স্বপন ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আদম আলী ছাড়া পেয়ে যাওয়ায় সন্ত্রাসীরা ব্যাপক উৎসাহিত বোধ করবে এবং মনিরামপুরে সুষ্ঠু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, ৫ জানুয়ারির নির্বাচনে আদম বাহিনীর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। কারচুপি করা ওই সব কেন্দ্রের কোনো কোনোটিতে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে দেখানো হয়েছে। স্বপন ভট্টাচার্য জানান, আদম ও তাঁর বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা একযোগে পুলিশের কাছে আবেদন করেছিলেন। তাতে কোনো কাজ না হওয়ায় একপর্যায়ে ইউপি চেয়ারম্যানরা এই বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত বছরের ২৪ জুলাই উপজেলা সমন্বয় কমিটি ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করেন। এর পর থেকে ইউপি চেয়ারম্যানরা আইনশৃঙ্খলা কমিটির আর কোনো সভায় যোগ দেননি। খান টিপু সুলতানের দাবি, যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বপন ভট্টাচার্যকে সুবিধা পাইয়ে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এরই অংশ হিসেবে আদমকে গ্রেপ্তার করা হয়। আদম একজন রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধি। আদমের বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিক প্রতিহিংসার। কিন্তু সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে পুলিশ সুপার কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
টিপু সুলতান দাবি করেন, ‘এই অবস্থায় আদমকে গ্রেপ্তার করায় এলাকাবাসী থানায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। আমি নিজে থানা ঘেরাও কর্মসূচিতে অংশ না নিলে থানায় হামলা ঠেকিয়ে রাখা যেত না।’ তবে পুলিশ সুপার জয়দেব ভদ্র বলছেন, পুলিশ কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিছু করছে না। যাদের বিরুদ্ধে মামলা আছে, সন্ত্রাসের অভিযোগ আছে, তাদের সবাইকে গ্রেপ্তারের জন্যই অভিযান চলছে এবং ইতিমধ্যে মনিরামপুরে নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।