যশোরে কেন্দ্র দখলের অভিযোগ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সদর উপজেলা নির্বাচনে অন্তত ১০টি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহীন চাকলাদারের সমর্থকেরা ককটেল ফাটিয়ে কয়েকটি কেন্দ্র দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থী গোলাম রেজার সমর্থকদের ওপর শাহীনের সমর্থকেরা হামলা চালিয়েছেন। এর মধ্যে সেবা সংঘ কেন্দ্রে ধারালো অস্ত্রের আঘাতে ইসমাইল হোসেন ও গফুর খাঁ নামের দুজন আহত হন। তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা সরকরি কর্মজীবী প্রাথমিক বিদ্যালয়, চাঁচরা ইউনিয়নের নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

ভোট দিতে যাওয়ার পথে ককটেল ফাঁটিয়ে রামনগর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে (৪০) কোপানো হয়েছে। জাহিদের ভাই আলম অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের লোকজন এটি করেছে।

খোলাডাঙ্গা সরকরি কর্মজীবী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে আনোয়ান হোসেন নামের একজনকে কোপানো হয়েছে। তাঁর ভাইয়ের ছেলে বেলাল অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন এর সঙ্গে জড়িত।

খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিরিনা খাতুন নামের এক ভোটার আহত হন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘এসব ঘটনায় এখনো কেউ আটক হয়নি। চারটি কেন্দ্রে বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের কথা জানতে পেরেছি।’

রিটার্নিং কর্মকর্তা এ এম এম মইনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রের বাইরে কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেছে। ইসালি ইউনিয়নের ইসালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সকাল সাড়ে নয়টার দিকে শাহীন চাকলাদারের সমর্থকেরা আরবপুর ইউনিয়নের মণ্ডলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেন। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের এসআই এনামুল ইসলাম জানান, গোলযোগের খবর পেয়ে তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একই সময়ে রাজারহাট ইউনিয়ন নামেজ সরদার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহীন চাকলাদারের সমর্থকেরা চার-পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে কেন্দ্র দখল করেন।

দিয়ারা ইউনিয়নের বেলগুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে, ইসালি ইউনিয়ন রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর ইউনিয়নের ধানগাটিয়া প্রাথমিক বিদ্যালয় ও নালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সকাল অটটার দিকে যশোর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও এম এম কলেজ কেন্দ্রের প্রবেশপথে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নিয়েছেন। এতে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

এম এম কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তাঁর কেন্দ্রে দুই হাজার ৬১০টি ভোট। সকাল ১০টার মধ্যে ২৫০ ভোট পড়েছে।

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম রেজা বলেন, আওয়ামী লীগের লোকেরা প্রতিটি কেন্দ্র দখলের চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে কয়েকটি দখলও করে জাল ভোট দেওয়া হচ্ছে। অন্তত ৩০টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহীন চাকলাদার বলেন, বেশির ভাগ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে। ১০-১২টি কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থীর সমর্থকেরা জাল ভোট দিয়েছেন।

যশোর সদর উপজেলায় কেন্দ্র ১৬৬টি। মোট ভোটার চার লাখ ৭৮ হাজার ১৮৪ জন।