যশোরে ক্ষতিকর ৭০০ কেজি পলিথিন জব্দ
যশোর শহরের গোহাটা হাটখোলা সড়কের ছয়টি দোকানে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিকদের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।যশোর কালেক্টরেটের নির্বাহী হাকিম শামীমুর রহমানের নেতৃত্বে র্যাব-৬ ও পুলিশের একটি যৌথ দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায়।গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে গোহাটা হাটখোলা সড়কের অরবিন্দ স্টোর, তপন স্টোর, শীতল স্টোর, নির্মল পাল স্টোর, কমল স্টোর ও কানাই পাল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসব দোকান থেকে সাদা রঙের প্রায় ৭০০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করে জরিমানা আদায় করা হয়েছে।শামীমুর রহমান প্রথম আলোকে জানান, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ক ধারা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর, এমন পলিথিন ব্যাগ মজুত ও বেচাবিক্রির অভিযোগে দোকানমালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলেও তিনি জানান।