যশোরে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন করার অপরাধে যশোরে নাজমুল হাসান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

যশোরের বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা আজ বুধবার দুপুরে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত নাজমুল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের আমিন উদ্দীন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ এপ্রিল বড়েঙ্গা গ্রামের রহিমা খাতুনের দুটি ছাগল নাজমুলদের বেগুনখেতে ঢোকে। তাঁরা ওই ছাগল খোঁয়াড়ে না দিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আটকে রাখেন। রহিমা খাতুন ছাগল দুটি ছাড়িয়ে আনতে গেলে নাজমুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল বালিধারা (দা ধার দেওয়া কাঠের টুকরো) দিয়ে রহিমাকে আঘাত করেন। এতে তিনি নিহত হন। এরপর নিহত রহিমার স্বামী আজহার উদ্দীন হাওলাদার সাতজনকে আসামি করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে অভিযুক্ত করে ও অপর ছয়জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেন।
এ ব্যাপারে জানতে চাইলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, সাতজন আসামির মধ্যে ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নাজমুল কারাগারে আটক রয়েছেন।