যশোরে গণবিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে অসচ্ছল ৩০ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পরে রোজগারের জন্য প্রত্যেক দম্পতিকে একটি করে ভ্যান ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া সংসারের নিত্যপ্রয়োজনীয় ৪৪ ধরনের জিনিসপত্রও তাঁদের সরবরাহ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা শারজাহ চেরিটেবল অর্গানাইজেশনের আর্থিক সহযোগিতায় কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির ব্যবস্থাপনায় এসব বিয়ে হয়। বিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, দরিদ্র পরিবারের ৬০ জন ছেলেমেয়েকে শুধু বিয়ে দিয়েই দায়িত্ব শেষ করা হয়নি, কাজেরও সুযোগ করে দেওয়া হয়েছে, যা একটি মহৎ উদ্যোগ। অনুষ্ঠানে আসা মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বৃদ্ধ শাহজামাল বলেন, ‘মেয়ের বিয়ের বয়স অনেক আগেই পেরিয়ে গেছে। বিয়ের জন্য পাত্র খুঁজেছি, সবাই যৌতুক চায়। গরিব মানুষ তাই যৌতুক দিতি পারিনি। এ জন্য বিয়ে দিতি দেরি হচ্ছিল।’