যশোরে গুলিতে সন্ত্রাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কোতোয়ালি থানার অদূরে স্থানীয় সিটি প্লাজা মার্কেটের নিচতলায় শীর্ষ সন্ত্রাসী সানজিদ হোসেন ওরফে ‘হাঁস সোহেল’ (৩০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গুলি করার পর সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ মার্কেটের নিরাপত্তা তদারকিতে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বর থেকে ছাত্রলীগ ও যুবলীগের একাংশের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। পরে তাঁরা দড়াটানা মোড়ে রাখা একটি পিকআপ ভ্যান ও পাঁচটি দোকানঘর ভাঙচুর করেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, হাঁস সোহেল ক্ষমতাসীন দলের একাংশের সমর্থক হিসেবে কাজ করতেন। তিনি শহরের ষষ্টীতলা পাড়ার সমসের আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোহেল সিটি প্লাজায় সম্প্রতি তৈরি পোশাকের একটি দোকান দেন। ওই দিন রাতে তিনি দোকানে বসেছিলেন। পৌনে নয়টার দিকে দুই যুবক দোকানে এসে তাঁর মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে তিনটি গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা অপর এক যুবকের মোটরসাইকেলে করে পালিয়ে যায়। সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, সানজিদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে একাধিক খুনসহ ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে।